মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

রচয়িতা: অনুর্বর জমিতে কবিতার চাষ

:: সালাহ উদ্দিন মাহমুদ ::
সাহিত্যের ছোটকাগজ সৃষ্টির চেয়ে তাকে টিকিয়ে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। সে অসাধ্যকেই সাধন করে চলেছেন রচয়িতা সাহিত্য পরিষদ। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় শক্ত হাতে হাল ধরে আছেন ‘রচয়িতা’র সম্পাদক কবি আরিফুল ইসলাম। দেখতে দেখতে প্রকাশিত হলো দুই বাংলার একশ’ কবির কবিতা নিয়ে ষান্মাসিক সাহিত্য পত্রিকা ‘রচয়িতা’। ‘আমরা সৃজনশীলতার পথে’ স্লোগানকে ধারণ করে জামালপুর জেলার ইসলামপুরের একঝাঁক নবীন-প্রবীণ কবি-সাহিত্যিকের প্রাণের সংগঠন ‘রচয়িতা সাহিত্য পরিষদের’ উদ্যোগে নিয়মিত প্রকাশ হয়ে আসছে ‘রচয়িতা’। আরিফুল ইসলামের সম্পাদনায় জুন-২০১৩ খ্রিস্টাব্দ, আষাঢ়-১৪২০ বঙ্গাব্দ ও শাবান-১৪৩৪ হিজরী মাসে তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যা প্রকাশিত হলো।
ধন্যবাদ ‘রচয়িতা সাহিত্য পরিষদ’ ও সম্পাদক আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলকে। দুই বাংলার একশ’ কবির কবিতা গ্রন্থিত করা নিঃসন্দেহ জটিল কর্ম। এ কর্ম সম্পাদনা আরো জটিল। মানুষ মাত্রই ভুল হয়। ভুল-ভ্রান্তি অবশ্যই কিছু আছে। তবে তার চেয়ে বড় কথা ‘রচয়িতা’ আবারো আলোর মুখ দেখলো- সেটাই বা কম কিসের? ভুল-ভ্রান্তি নিয়ে কোন আলোচনা করার বদমতলব আমার নেই। বা সে সমালোচনা করার যোগ্যতাও আমার নেই। কর্মনিষ্ঠা ও আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। দেশের প্রথম সারির (সবাই যেটা বলে) কবিদের কবিতাসহ নবীনদের কবিতা প্রকাশের একটা প্লাটফর্ম তেরি করার জন্য সত্যিই আমি আনন্দিত। অনেকেই লেখা দিয়েছেন কিন্তু স্থানাভাবে তা প্রকাশ করা সম্ভব হয়নি বলে সম্পাদকও দুঃখ প্রকাশ করেছেন বিনীতভাবে।
প্রকাশের আগে মাঝে মাঝে কথা হয় আরিফুল ইসলামের সাথে। তার হতাশা ও দীর্ঘশ্বাসকে আমি উপলব্ধি করেছি। তবু তাকে পিছু হটতে দেখিনি। সীমাহিন স্পৃহা নিয়ে এগিয়ে গেছেন। প্রকাশের পর তার তৃপ্তির প্রশ্বাস আমাকেও প্রকম্পিত করেছে। বানের জলে শস্য ভেসে যাবে বলেও যেমন কৃষক তার জমিতে চাষ বন্ধ করে দেয় না। ঠিক তেমনি অর্থনৈতিক দৈন্যদশাও রচয়িতাকে দমাতে পারেনা। অনেকটা ঝুঁকি নিয়ে অনুর্বর জমিতে চাষ করে যাওয়ার মতো। অনেকে আবার ছোটকাগজ বলে লেখা দিতে কার্পণ্য করেন। সম্পাদকের ‘অভিসন্ধি’ থেকেই উদ্ধৃতি করতে হয়-‘কেউ কেউ ‘দেই-দিচ্ছি’ বলে মাস কাটিয়ে দেন। আবার অনেকেই বলে বসেন ‘ছোটকাগজে লেখা দেই না’। ফলে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এগিয়ে যেতে হয়। লেখকদের আত্মতুষ্টি অর্জনের পাশাপাশি পাঠকের কাছে দায়বদ্ধতার কথাও স্মরণ রাখতে হয়। নবীন-প্রবীণ কবিদের সমন্বয়ে সাজানো ‘রচয়িতা’ সর্বস্তরের পাঠকের মনে দাগ কাটতে পেরেছেÑ এ আমার বিশ্বাস।
হেলাল হাফিজের কবিতা ‘ওড়না’ এখনো আমাকে প্রতিমুহূর্তে ভাবায়। আমি মনে হয় উঠতে-বসতে ‘তোমার বুকের ওড়না আমার প্রেমের জায়নামাজ’ কথাটি নিজের অজান্তে সহস্রবার উচ্চারণ করি। একটি পঙক্তিতে এত গভীর আবেদন আর কোথাও পাই নি। ‘সহজ কথা যায় না বলা সহজে’ কথাটা আসলেই সত্যি। একটি সহজ-সরল কথাকে কত কঠিন এবং বক্র ভাবে ছুড়ে দেওয়া যায়-তার প্রকৃষ্ট উদাহরণ ‘ওড়না’ কবিতা। কবির ‘তুমি নিউট্রন বোমা বোঝ/ মানুষ বোঝ না’ কবিতার অনুরূপ। কবি বরাবরই তার পারঙ্গমতার পরিচয় দিয়ে গেছেন। ‘রচয়িতা’র প্রথম কবিতা কবি আল মাহমুদের। পাতা উল্টে প্রথমেই নজরে আসে তাঁর ‘অলীক দেবদারু’ কবিতাটি। আল মাহমুদের কবিতা নিয়ে অনেকেই বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। আমি করজোড়ে মিনতি করছি- কবিকে কখনো গোষ্ঠীবদ্ধ করবেন না। কবি সীমাবদ্ধ কোন জায়গা বা বস্তু নন। তাঁর অন্তরের বিশালতার চেয়ে তাঁর কাব্যের বিশালতাই আমাদের কাছে বড়। মহাদেব সাহার ‘যতোই বলো’, হেলাল হাফিজের ‘ব্রহ্মপুত্রের মেয়ে’, হাসান হাফিজের ‘পতাকার ইতিহাস’, বেলাল চৌধুরীর ‘বাল্যকাল’ ও মলয় রায়চৌধুরীর ‘রাবনের চোখ’ এক গভীর আবেশে জড়িয়ে রাখে। এছাড়া ‘রচয়িতা’য় প্রকাশিত অন্য কোনো লেখা বা কবিতা সম্পর্কে সমালোচনা করার দুঃসাহস আমার নেই। সবার কাছেই আমি নস্যি মাত্র। শুধু নিজের সম্পর্কে এটুকুই বলব, সবার কবিতার চেয়ে আমার ‘ঈশ্বর বনাম তুমি’ কবিতাটিই কেবল দূর্বল মানের। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। ‘রচয়িতা’র সহ-সম্পাদক হিসাবে অনেক ফোন বা মন্তব্য পেয়েছি। একটা দায়বদ্ধতা থেকেই সকলের পরামর্শ বা তিরস্কার হাসিমুখে মেনে নিয়েই রচয়িতার অগ্রযাত্রায় ব্রতী হয়েছি। আমার তিন কথা- ছিলাম, আছি ও থাকবো।  
এবারের সংখ্যায় আল মাহমুদ, মহাদেব সাহা, হেলাল হাফিজ, হাসান হাফিজ, বেলাল চৌধুরী, মলয় রায় চৌধুরী, মতিন বৈরাগী, মৃণাল বসু চৌধুরী, কাজী রোজী, প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়, সরোজ দেব. মনোজিৎ কুমার দাস, অলক বিশ্বাস, অরুণ সেন, মনির ইউসুফ, শর্মিষ্ঠা ঘোষ, ধ্র“বজ্যোতি ঘোষ মুকুল, পাবলো শাহি, রেজা রহমান, রায়হান রাইন, নজরুল জাহান, পুণ্যশ্লোক দাশগুপ্ত, সঞ্জয় ঋষি, রহমান হেনরী, টোকন ঠাকুর, ইন্দ্রাণী সেনগুপ্ত, পরিতোষ হালদার, অমূল্য রতন পাল, কচি রেজা, ভাস্কর চৌধুরী, হাসান আল আব্দুল্লাহ, অমিতাভ দাশ, সপ্তর্ষি বিশ্বাস, জিয়াউল হক, সরসিজ আলীম, অদ্বৈত মারুত, হিজল জোবায়ের, হালিম আজাদ, অতনু তিয়াস, সৌভিক দা, আমজাদ সুজন, মধুমঙ্গল বিশ্বাস, এলিজা আজাদ, জসীম মেহবুব, ওয়াহিদ জালাল, সজল সমুদ্র, মেঘ অদিতি, সিপাহী রেজা, রমজান বিন মোজাম্মেল, রোকসানা রফিক, জিনাত জাহান খান, যাহিদ সুবহান, ইন্দ্রাণী সরকার, বিজিৎ কুমার ভট্টাচার্য, গোলাম মোস্তফা ডিহিদার, সেলিম রেজা, শিমুল সুলতানা হেপি ও ভোলা দেবনাথদের মতো কবির কবিতা ‘রচয়িতা’কে আরো সমৃদ্ধ করেছে। নবীনদের এ মিছিলে প্রবীণরা যুক্ত হয়ে যাত্রার গতিবেগ ও পথচলার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন।
এছাড়াও পীযূষ রাউত, হাসান সাব্বির, গোপাল বাইন, রুদ্রশংকর, শিকদার ওয়ালি উজ্জামান, ইমেল নাঈম, মো. ওয়াহিদুজ্জামান, দেলোয়ার হোসাইন, নরেশ মন্ডল, মুনমুন দাশগুপ্ত, সালাহ উদ্দিন মাহমুদ, কুসুমিকা সাহা, রুদ্র গোস্বামী, প্রশান্ত সরকার, কাজরী তিথি জামান, রাজেশ চন্দ্র দেবনাথ, নুরুল আলম, ফারহানা খানম, দীপিকা রায়, সুবীর সরকার, মুহাম্মদ ছানোয়ার হোসেন, আলী ইদ্রিস, নাজমুল হাসান, সৈকত আহমেদ বিল্লাল, লাবণ্য কান্তা, সুমন হাফিজ, উৎপলকান্তি বড়–য়া, মৈনাক মজুমদার, আলী আফজাল খান, রেজওয়ান তানিম, রেজা নুর, সৈয়দ মাসুদ রাজা, এম এস আই সাগর, বিশ্বজিৎ লায়েক, লিখন মোরশেদ, লিখন মোরশেদ, রাজেশ শর্মা, অভিজিৎ মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, শুভ্রনীল, হাবিব সিদ্দিকী, অনিন্দ্য তুহিন, কল্পনা মিত্র, শৈলেন দাস, আজিজ আহমেদ, পিটু রশিদ, সীমা রানী বন্দ্য, কাঙ্খিতা কায়েম সাইকি, ছবি গুপ্তা ও আরিফুল ইসলামের কবিতা নি:সন্দেহে পাঠককে আকৃষ্ট করেছে।
কবিতা ছাড়াও নব্বই দশকের তুখোড় তারুণ্যপ্রাণ নিবেদিত লেখক, গবেষক ও কথাসাহিত্যিক মুহাম্মদ ছানোয়ার হোসেনের ‘জীবন শিকল’ বই নিয়ে আরিফুল ইসলামের আলোচনা, সৈকত আহমেদ বিল্লালের ‘আমার চোখে রচয়িতা, পাঠক এবং আমি’, সুমন হাফিজের ‘শুভেচ্ছা কথন’, সালাহ উদ্দিন মাহমুদের ‘রচয়িতা: দুই বাংলার কবিদের মিলন মেলা’, জাফরুল আহসানের লিটলম্যাগ আলোচনা ‘পুরাতন পাতা’র নতুন স্বাদ’, চিন্ময় বিবেকের ‘ময়ূখ একটা আন্দোলন ক্ষেত্র’, লেখা প্রাপ্তি স্বীকার, ছোটকাগজের প্রাপ্তি স্বীকার ‘রচয়িতা’র কলেবরকে আরো বেশি সমৃদ্ধ করেছে। রচয়িতার প্রতি সংখ্যার জন্য ‘লেখক সম্মাননা পদক’ সত্যিকারের প্রশংসার দাবিদার। গত সংখ্যার জন্য সাত জনকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। এ থেকে একটা বিষয় উপলব্ধি করতে পারি- রচয়িতা একটা ব্যাপক আন্দেলন ক্ষেত্র। আমরা ক’জনকেই সম্মাননা জানাতে পারি। রাষ্ট্রীয়ভাবেও আমরা তা যথাযথভাবে পারি না।
আমি এই প্রথম দেখলাম, লেখা প্রকাশিত না হলে তার প্রাপ্তি স্বীকার করতে। এতে লেখকরা অন্তত একটু সান্ত্বনা পেতে পারে যে আমার লেখা যথাযথ গন্তব্যে পৌঁচেছে। বিশেষ কৃতজ্ঞতা রচয়িতা সাহিত্য পরিষদের সভাপতি কবি ও শিশু সাহিত্যিক নজরুল জাহানের প্রতি। পরম মমতায় তিনি আগলে রেখেছেন সকলকে। তবে তাঁর ‘বাণী’ পাতা বিন্যাসের পরে সম্পাদকীয়র আগে স্থাপন করলে যথাযথ সম্মান দেখানো হত। সম্পাদকের কাছে বিনীত অনুরোধ রইল-পরবর্তী সংখ্যায় যেন সেটা করা হয়।
এবারও এম আসলাম লিটনের আঁকা প্রচ্ছদ সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ধন্যবাদ নিপূণ প্রচ্ছদশিল্পীকে। চমৎকার বাঁধাই ও অফসেট প্রিন্ট সব দীনতা ছাড়িয়ে সাফল্যের স্বর্ণ শিখড়ে পৌঁছানোর দীপ্ত শপথের উচ্চারণকে আরো অনুরণিত করবে। এ প্রত্যাশা সকলের।
ধন্য অনুর্বর জমির অক্লান্ত পরিশ্রমী কবিতাচাষী আরিফুল ইসলাম।
জয়তু রচয়িতা, জয়তু রচয়িতা সাহিত্য পরিষদ।
কবিতার জয় হোক। ‘রচয়িতা’ দীর্ঘজীবি হোক।

কালকিনি, মাদারীপুর।
০৯.০৯.২০১৩

কপিরাইট আইন সম্পর্কে শিল্পীদের আরো সচেতন হতে হবে - মাদারীপুরে কবি মুহম্মদ নূরুল হুদা

:: শাহিন ফকির ::
কপিরাইট আইন ব্যবহারে কবি-সাহিত্যিক, শিল্পী, সুরকার, গীতিকার সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। কারণ মেধাস্বত্ব আইনটি যথাযথ প্রয়োগ হলে রাষ্ট্রের পাশাপাশি মেধাস্বত্বাধিকারীও আর্থিকভাবে খুব লাভবান হবেন বলে মন্তব্য করেন দেশের বিশিষ্ট কবি ও মেধাস্বত্ববিদ ড. মুহম্মদ নূরুল হুদা।
বুধবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে কপিরাইট অফিসের উদ্যোগে ‘কপিরাইট সুরক্ষা ও সুফল : বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন কালে একথা বলেন।
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাহেদ হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রেজিষ্ট্রার অব কপিরাইট অফিস, ঢাকার মনজুর মোর্শেদ চৌধুরী, প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান।
এসময় মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক ও কবি আহসান হামিদ, শাজাহান খান, কবি দুলাল সরকার, শাহানা শৈলী প্রমুখ। সেমিনারে মাদারীপুর জেলার কবি, সাহিত্যিক, নাট্যকার, সাংবাদিক, গীতিকার, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।
ছবি ও সম্পাদনা: সালাহ উদ্দিন মাহমুদ, সম্পাদক

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩

কালকিনিতে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত

মাইনুল ইসলাম:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালকিনি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে গত শুক্রবার সকালে কালকিনি প্রেস ক্লাবে আলোচনা সভা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
কালকিনি প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক আকন মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উদীচী কালকিনি শাখার সাধারণ সম্পাদক খায়রুল আলম ও প্রেস ক্লাব সহ-সভাপতি রফিকুল ইসলাম মিন্টু। আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি এইচ এম মিলন, কালকিনি ডটনেট সম্পাদক বিল্লাল হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ, অর্থ সম্পাদক বি এম হানিফ, কালকিনি বন্ধুসভার সভাপতি মাইনুল ইসলাম প্রমুখ।
কবির কবিতা আবৃত্তি করেন শিশুশিল্পী বি এম পৃথেল, বি এম প্রত্যয়, আবৃত্তি শিল্পী জেবা ফারিহা, জারিন তাসনিম রাইসা ও জান্নাতুল ফেরদৌস মীম। সবশেষে নজরুল সংগীত পরিবেশন করেন আকন মোশাররফ হোসেন।

মাদারীপুরের পতিতাপল্লী উচ্ছেদ: তোমার আমার পাপ উচ্ছেদ করো আগে

:: সালাহ উদ্দিন মাহমুদ ::
“কে বলে তোমায় বারাঙ্গনা মা, কে দেয় থুতু এ-গায়ে,/ হয়তো তোমারে স্তন্য দিয়াছে সীতাসম সতী মায়ে।’ (-বারাঙ্গনা: কাজী নজরুল ইসলাম।) বিদ্রোহী কবির মৃত্যুদিবসে মাদারীপুরের পতিতাপল্লী উচ্ছেদকল্পে পরিচালিত অমানবিক নিষ্ঠুর অভিযানের সংবাদচিত্র দেখে নজরুলের কবিতার এ দু’টি চরণ মনে এলো। মাদারীপুরের বারাঙ্গনারা বিদেশ থেকে আসেনি, আকাশ থেকেও মাটিতে পড়েনি। উনারা আমাদেরেই মা-বোন। আমাদের বাপ-ভাইরাই উনাদের গ্রাহক। উচ্ছেদ-অভিযান সম্পন্ন করার পর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান না করে অভিযান পরিচালনার পূর্বেই কি যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা যেতো না? সরকারের কাছে আবেদন, উনাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক। যারা আমাদের মা-বোনদের রক্তাত করেছে, মাদারীপুরের বারাঙ্গনাদের সহায়-সম্পদ লুট করেছে- তাদের শাস্তি দেয়া হোক। মিথ্যে তো নয়। এই সত্য যে, এ আমার পাপ এ তোমার পাপ।”
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ মন্তব্য করেছেন বাংলাদেশের অন্যতম কবি নির্মলেন্দু গুণ। এমন অগণিত মন্তব্যে ভরে আছে বিভিন্ন মাধ্যম। কেউ কেউ আবার মাদারীপুরের দামাল যুবকদের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন। দু’শ বছরের কলঙ্ককে উচ্ছেদ করতে পেরে তৃপ্তির ঢেকুর তুলেছেন। সবই ঠিক ছিল। তবে আদালতের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে অতর্কিত হামলা চালিয়ে প্রায় পাঁচ শতাধিক যৌনকর্মীকে উচ্ছেদ করাটা কোন বাহাদুরি নয়। বরং মানবতার চরম পরাজয়। নারীরা সমাজ থেকে পতিত হয়ে গেলে তারা পতিতা হয়ে যায় ঠিক; কিন্তু পতিত যুবককে বা পুরুষকে কোন অভিধায় সিক্ত করা যায়? পুরুষ শাসিত সমাজে এর কোন সদুত্তর নেই। থাকবেও না।
প্রসঙ্গত বলতে হয়, সম্ভবত প্রায় দু’শ বছর আগে মাদারীপুর বন্দরে ব্যবসায়িদের অবসর কাটাতে বিনোদনের স্বার্থে স্থানীয় প্রভাবশালী জমিদারদের উদ্যোগে পুরানবাজারে নাচ-গানের আয়োজন করা হতো। নাচ-গানের জন্য দূর-দূরান্ত থেকে নামকরা বাইজিদের আনা হতো। প্রতিরাতে নতুন নতুন মুখ দিয়ে জলসার ঔজ্জ্বল্য বাড়ানো হতো। বাইজিদের কেউ কেউ ধীরে ধীরে স্থায়িভাবে থাকতে শুরু করে এখানে। প্রথম দিকে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করলেও আস্তে আস্তে জমি বা বাড়ি কিনে নেয় তারা। সারারাতের নাচ-গানের আড়ালে চলতে থাকে দেহব্যবসা। আস্তে আস্তে বাড়তে থাকে নারী। বাড়তে থাকে পুরুষের আনাগোনা। তখন দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়িদের পাশাপাশি স্থানীয় প্রভাবশালীরাও যুক্ত হতে থাকে। জলসা ঘর রূপান্তরিত হতে থাকে যৌনপল্লিতে। বিগত দু’শ বছরে বহুবার এদের উচ্ছেদের জন্য আন্দোলন হয়েছে। বিভিন্ন কারণে তা বাধাগ্রস্ত হয়েছে।
শেষবার গত ২৭ আগস্ট সকাল ১১ টায় দু’শ বছরের সেই যৌনপল্লিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে যৌনকর্মীদের উচ্ছেদ করা হয়। এঘটনার পর জীবন বাঁচাতে রাতের আঁধারে পালিয়ে গেছে পাঁচ শতাধিক যৌনকর্মী। ঘটনার সময় নির্বিকার থাকলেও মঙ্গলবার রাতে পুলিশ বাদি হয়ে অজ্ঞাত ২ সহ¯্রাধিক ব্যক্তির নামে সদর থানায় মামলা করেছে। দু’দিনে ঘটনার সাথে জড়িত ১৬ জনকে গ্রেফতার করার দাবিও করেছে পুলিশ। একই রাতে আটটার সময় আন্দোলন পরিচালনাকারী সংগঠন ইসলাহে কওম পরিষদ পুরান বাজারের উত্তরণ ক্লাবে জরুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে যৌনপল্লিতে হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে ইসলাহে কওম পরিষদ, মাদারীপুর বণিক সমিতি, সাধারণ ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা বলেছেন, গত ১৯ মাস ধরে ইসলাহে কওম পরিষদ মাদারীপুরের যৌনকর্মীদের পুনর্বাসনের মাধ্যমে উচ্ছেদের আন্দোলন করে আসছে। এ নিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসলাহে কওম পরিষদ যৌনপল্লির নেত্রীদের সাথে একাধিক বৈঠকও করেছেন। এমনকি নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সাথেও কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু যৌনকর্মীরা তাদের অবস্থানে অনড় থাকায় ইসলাহে কওম পরিষদের নেতৃবৃন্দ কঠোর আন্দোলন ও আল্টিমেটাম দেয়। তাদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান যৌনকর্মীদের পুনর্বাসনের জন্য শহরের গণ্যমান্য বিশজন ব্যক্তির সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। ২৭ আগস্ট বেলা ১১টায় ওই কমিটির সদস্য মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান খলিলুর রহমান খান, বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলন ভূঁইয়া, কাউন্সিলর মো. আক্তার হাওলাদার ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদা আক্তার কণাসহ কয়েকজন যৌনকর্মীদের সাথে পুর্নবাসনের ব্যপারে পরামর্শ করতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে যৌনকর্মীরা উত্তেজিত হয়ে হামলা চালিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ খবর দ্রুত পুরান বাজার এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে স্থানীয় লোকজন সঙ্গে নিয়ে যৌনপল্লিতে হামলা চালায়। হামলার সময় ইসলাহে কওম পরিষদের কোন নেতা-কর্মী উপস্থিত ছিল না বলে সংবাদ সম্মেলনে তারা দাবি করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলাহে কওম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমেদ চৌধুরী, ইসলাহে কওম পরিষদের নেতা আলহাজ্ব বোরহান উদ্দিন খান, বণিক সমিতির সহ-সভাপতি সায়ীদ খান, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলন ভূইয়া, পৌর কাউন্সিলর মো. আক্তার হাওলাদার, আওয়ামীলীগ নেতা ইরশাদ হোসন উজ্জ্বল, যুবলীগ নেতা জাহিদুল ইসলামসহ শতাধিক ব্যবসায়ী।
তবে হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাত ২ সহ¯্রাধিক ব্যক্তিকে আসামী করে একটি মামলা করেছে। গত দু’দিনে নূরে আলম, শহিদুল ইসলাম, সীমান্ত, সুজন, মিরাজ, ফারুক হোসেন, সাইফুল ইসলাম, আজিজুল হক ও শাহাদাৎ কে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেছেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পরবর্তীতে কোন ঘটনা যেন না ঘটে সে জন্যে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
যৌনপল্লির নেত্রীবৃন্দ দাবি করেছেন, তারা দু’শ বছর ধরে মাদারীপুর যৌনপল্লিতে বসবাস করে আসছে। এখানকার অধিকাংশ সম্পত্তি তাদের। আর এ সম্পত্তি জবরদখলের জন্যই একটি স্বার্থান্বেষী মহল পায়তারা করে আসছে। গত ১৯ মাস ধরে স্থানীয় ইসলাহে কওম পরিষদ নামের একটি সংগঠন তাদের উচ্ছেদের জন্য আন্দোলন শুরু করে। এবং যে কোন সময় তাদের উপর হামলা হতে পারে এ আশঙ্কায় পাঁচ শতাধিক যৌনকর্মীর জান-মালের নিরাপত্তা চেয়ে উচ্চতর আদালতে একটি রীট পিটিশন করে। আদালত গত ২২ জুলাই থেকে একবছরের জন্য তাদের নির্বিঘেœ জীবন যাপনের জন্য একটি রুল নিশি জারি করেন। যার অনুলিপি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মাদারীপুর সদর থানার ওসিকে দেওয়া হয়। তা সত্ত্বেও আকস্মিকভাবে গত ২৭ আগস্ট হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও মারপিট করে যৌনকর্মীদের বের করে দেওয়া হয়েছে। আইনত যা মারাত্মক অপরাধ। আদালতের নির্দেশকে অবমাননা করা হয়েছে। যৌনকর্মী হলেও তারা মানুষ। এবং এ দেশের নাগরিক। এদেশে তাদেরও অধিকার রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেছেন, হাইকোর্টের প্রতি তিনি শ্রদ্ধাশীল। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাই হবে। যৌনপল্লিতে হামলা, লুটপাট, উচ্ছেদ ও ভাঙচুরের ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। কিন্তু কথা হচ্ছে- যৌনকর্মীরাতো তাদের পল্লিতে নেই। জীবন বাঁচাতে তারা পল্লি ছেড়ে চলে গেছে। উচ্চতর আদালতের নির্দেশ মতে তারা আর একবছরও থাকতে পারলো না। তার আগেই তাদের জোরপূর্বক বের করে দেওয়া হলো। আন্দোলনকারীরা যৌনকর্মীদের চুলের মুঠি ধরে টেনে হেচড়ে বাইরে নিয়ে আসে। এরপর রাস্তায় ফেলে মারধর করে টাকা-পয়সা, অলঙ্কার ও মোবাইল ফোন কেড়ে নিয়ে ইজিবাইকে তুলে দেয়। অনেকেই আবার সবকিছু ফেলে জীবন বাঁচাতে দৌঁড়ে পালিয়ে যায়।
আজ আমরা আমাদের পাপ ঢাকতে উচ্ছেদ করেছি তাদের। অন্ধকারের অতল গহ্বরে ছুড়ে দিয়েছি তাদের। এখন তারা সমাজের অলিতে-গলিতে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। সমাজ আরো বেশি কলুষিত হবে। যুব সমাজ তথা পুরুষ আরো বেশি বিপথগামী হবে। পক্ষান্তরে কিছু স্বার্থান্বেষী মানুষের লালসা চরিতার্থ হবে। মূলত যৌনপল্লির জমি দখলের রাস্তা উন্মোচিত হলো আজ। আমি ব্যক্তিগতভাবে পতিতাবৃত্তি বন্ধের পক্ষে। তবে সেটা হতে পারতো সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক উপায়ে। জোর করে একটি মেয়েকে পতিতা বানানো যায়। কিন্তু জোর করে তাকে সেখান থেকে ফিরিয়ে আনা যায় না। যে পুরুষ রাতের অন্ধকারে পতিতার বাহুবন্ধনে আবদ্ধ হয়। দিনের আলোতে সে তার স্বীকৃতি দিতে চায় না বা পারে না। যারা তাদের উচ্ছেদ করেছে তারা তাদের পূনর্বাসনের ব্যবস্থা করলো না কেন?
কবির সাথে একাত্মতা ঘোষণা করে আমিও বলতে চাই- সরকারের উচিৎ যৌনকর্মীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ধর্মকে পুঁজি করে ধর্মপ্রাণ মানুষকে ব্যবহার করে যারা যৌনকর্মীদের রক্তাক্ত করেছে, বারাঙ্গনাদের সহায়-সম্পদ লুট করেছে- তাদের শাস্তি দেয়া হোক। কারণ, ‘এ আমার পাপ এ তোমার পাপ।’

সালাহ উদ্দিন মাহমুদ
কলাম লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী
০১৭২৫৪৩০৭৬৩
২৮.০৮.২০১৩

সোমবার, ২৬ আগস্ট, ২০১৩

সাম্যবাদী চেতনার কবি নজরুল

সালাহ উদ্দিন মাহমুদ:
বাঙলা সাহিত্যে ধুমকেতুর ন্যায় আগমন যার। বিদ্রোহ-প্রেম-সাম্যবাদের মশাল হাতে যিনি আবির্ভূত হয়েছেন। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নানাবিধ সমস্য-সংকটে যখন সারা বিশ্ব আলোড়িত। কাজী নজরুল ইসলামের(১৮৯৯-১৯৭৬) তখন আবির্ভাব। যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে যখন মানবতা ধুলায় লুন্ঠিত তখন তাঁর কন্ঠে উচ্চারিত হয়েছে সাম্যবাদের গান। একই কন্ঠে হামদ- নাত এবং শ্যামা সংগীতের সুরের মূর্ছনায় মানব জাতিকে উপহার দিয়েছেন সাম্যবাদের মূলমন্ত্র। মানুষের প্রতি গভীর ভালোবাসায় কবি হয়ে উঠেছেন মানবতাবাদী।

নজরুলের সাম্যবাদের প্রধান ক্ষেত্র মানুষ। কে কুলি-মজুর আর কে সাহেব? সবাই তার দৃষ্টিতে সমান। আশরাফ আর আতরাফের কোন ভেদাভেদ নেই এখানে। সবাই সৃষ্টির সেরা। সবাইকেই তিনি গভীরভাবে ভালোবেসেছেন। নজরুলের সাম্যবাদ তাঁর অন্তরের প্রেরণালব্ধ বস্তু। কবি কল্পনার রঙে রঙিন। মানবতাবোধই তার সাম্যবাদের ভিত্তি।  তিনি সকল ধর্মের উর্ধে মানবধর্মকেই উচ্চাসনে বসিয়েছেন। মানবের মাঝে তিনি স্রষ্টাকে আবিস্কার করেছেন। তাঁর সাম্যবাদ স্রষ্টাকে অস্বীকার কওে নয়। কাল মার্কসের মত তাঁর সাম্যবাদ নাস্তিক্য সাম্যবাদ নয়। তাঁর সাম্যবাদ আস্তিক্য সাম্যবাদ। অসাম্প্রদায়িক হলেও তিনি পুরোপুরি আস্তিক ছিলেন।

নজরুলের সাম্যবাদ প্রকাশ পেয়েছে তাঁর ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে। ১৯৫২ সালে এটি প্রথম প্রকাশিত হয়। ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে মোট ১১টি কবিতা স্থান পেয়েছে। যেমন- ‘সাম্যবাদী’, ‘নারী’, ‘মানুষ’, ‘বারাঙ্গনা’, ‘রাজা-প্রজা’, ‘ঈশ্বর’, ‘পাপ’, কুলি-মজুর’, ‘চোর-ডাকাত’, ‘সাম্য’ ও ‘কান্ডারী হুশিয়ার’। মূলত  ‘সাম্যবাদী’ কাব্যের কবিতাগুলোতে কবি সত্যেন্দ্রনাথ দত্তের প্রভাব রয়েছে।
তাঁর ‘সাম্যবাদী’ কাব্যের ‘নারী’ কবিতাটি বহুল প্রশংসিত। ‘নারী’ কবিতায় কবি নারী-পুরুষে সাম্যের বাণী উচ্চারণ করেছেন। কবি নারী-পুরুষের ভেদাভেদ অস্বীকার করেছেন। কবির ভাষায়-
“বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”
আর ‘বারাঙ্গনা’ কবিতাটি অধিক সমালোচিত। কবিতায় কবি বলেছেনÑ
“কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও-গায়ে?
হয়ত তোমায় স্তন্য দিয়াছে সীতা-সম সতী মায়ে।”
তিনি মন্দির-কাবার চেয়ে মানুষের হৃদয়কে বড় জ্ঞান করেছেন। কবি বলেছেনÑ
“এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই।”

‘সাম্য’ কবিতায় কবি বলেছেন-
“হেথা স্রষ্টার ভজন আলয় এই দেহ এই মন,
হেথা মানুষের বেদনায় তার দুঃখের সিংহাসন।
সাড়া দেন তিনি এখানে তাঁহারে যে নামে যে কেহ ডাকে,
যেমন ডাকিয়া সাড়া পায় শিশু যে নামে ডাকে সে মাকে।”

নজরুল মানুষের কবি। সাম্যের কবি। নজরুলের বড় পরিচয় তিনি সাম্যবাদী কবি। নজরুলের সাম্যবাদ সকল মানবের মহামিলন।
‘‘গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’’
কবি মানবতার জয়গান গেয়েছেন। মানুষকে কখনো তিনি ঘৃণার চোখে দেখেন নি। কবি বলেছেনÑ
“বন্ধু, তোমার বুক ভরা লোভ, দু’চোখে স্বার্থ ঠুলি,
নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি।”

মানুষকে তিনি সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। হিন্দু- মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান কারো আসল পরিচয় হতে পারে না। আসল পরিচয় হলো- আমরা সবাই মানুষ। ‘কান্ডারী হুশিয়ার’ কবিতায় বলেছেন-
‘হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার।’
এছাড়াও তার কন্ঠে উচ্চারিত হয়েছে-
‘জাতের চাইতে মানুষ সত্য
অধিক সত্য প্রাণের টান
প্রাণ ঘরে সব এক সমান।’

‘ঈশ্বর’ কবিতায় নজরুল ইসলাম ঈশ্বর অন্বেষণের ব্যাপারে বলেছেন, বনে- জঙ্গলে, পর্বত চূড়ায় ঈশ্বর অন্বেষণের কোন প্রয়োজন নেই। ঈশ্বর মানব মনেই অধিষ্ঠিত। আর শাস্ত্র অন্বেষণে না গিয়ে সত্যের সন্ধানে অগ্রসর হতে বলেছেন। ঈশ্বর মানুষের মধ্যেই বিরাজিত, তাকে বাইরে না খুঁজে নিজের মধ্যে ডুব দিতে হবে। কবি বলেছেন- “স্রষ্টারে খোঁজো - আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে।”

সর্বোপরি কবি ‘সাম্য’ কবিতায় স্বপ্নের দেশ- আদর্শ দেশের করেছেন। এমন দেশ যেখানে রাজা প্রজা নেই, ধনী-দরিদ্রের ভেদাভেদ নেই। ‘সাম্যবাদী’ এ স্থানে বর্ণবৈষম্য নেই, এখানে সাদা ও কালোদের জন্য আলাদা গোরস্থান বা গির্জা নেই। এখানে কোন ধর্মের বা শাস্ত্রের ভেদ নেই, নেই কোলাহল। সেখানে পাদ্রী পুরুত মোল্লা এক পাত্রে জল খেলেও জাত যাবে না, স্রষ্টা বাতিল হবে না।
‘সাম্য’ কবিতায় কবিতায় স্রষ্টাকে মহিমাময় এবং মানুষের দেহ মনকেই তার ভজনালয় রূপে বিবেচনা করেছেনÑ
“সাড়া দেন তিনি এখানে তাঁহারে যে নামে কেহ ডাকে
যেমন ডাকিয়া সাড়া পায় শিশু যেই নামে ডাকে সে মা’কে।”

সাম্যবাদ বাঙলা সাহিত্যে নতুন কোন বিষয় নয়। কিন্তু কাজী নজরুল ইসলাম যে মমতায় মানবতা মিশ্রিত সাম্যের প্রসঙ্গ তুলে এনেছেন তা একান্তই অভিনব। এখানেই নজরুলের সাম্যবাদী চেতনার নতুন মাত্রা সংযোজিত হয়েছে।    

সালাহ উদ্দিন মাহমুদ, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী
কালকিনি, মাদারীপুর
২৩.০৮.২০১৩

রবিবার, ৪ আগস্ট, ২০১৩

তেঁতুল রাজ্য

সালাহ উদ্দিন মাহমুদ

সম্মানিত সভাসদ!
নারী জাগরণ সভায় আপনাদের অভিনন্দন!
আজ আমি একক বক্তা এখানে।
অনেক মুখরোচক আলোচনা হবে।
হবে তেঁতুল বিষয়ক লালা ঝরানো ভাষণ।
ধৈর্য ধরে বসুন এবং উপলব্ধি করুন।
সভায় আসার সময় স্ত্রীকে ঘরের ভেতর রেখে
দরোজার তালা সতর্কভাবে লাগিয়েছেন কিনা?
দেশটাকে আজ আমরা তেঁতুল রাজ্যে পরিণত করেছি-
সর্বত্রই লালা ঝরানো পিচ্ছিল পথ।
বাড়ি ফেরার পথে সাবধানে পা ফেলবেন।
নয়তো হোচট খাবেন কিংবা ভাঙবে কোমড়।
তেঁতুল গাছে ধরবে তেতুল। ঝরবে শুধু লালা।
ঝরতে ঝরতে একদিন দেখবেন লালা শূন্য হবে পুরুষ।
আমার বক্তব্য সেইদিন শেষ হবে-
ততদিন এসভায় আপনাদের উদার আমন্ত্রণ!

বন্ধন

(ছোট কাকার ফোন পেয়ে পারিবারিক জটিলতা নিয়ে)
সালাহ উদ্দিন মাহমুদ

বন্ধন কী এতোই তুচ্ছ- এতোই শিথিল?
ইচ্ছে করলেই ছিঁড়ে নেওয়া যায়?
জীবনের খুঁটি-নাটি দুঃখবোধ হাসি-কান্না
ফেলনা কোন ময়লা নয়Ñ
ইচ্ছে করলেই ভাসিয়ে দেওয়া যায়।

বন্ধন কী রান্না শেষে চুলার ছাঁই?
ভাও বাতাসে উড়িয়ে দিলাম কুয়োর জলে।
চাওয়া-পাওয়া কিংবা হতাশা-ব্যর্থতার
হিসেব কষে বলে দেওয়া যায় লাভ
কিংবা ক্ষতির পরিমাণ।

বন্ধনে বন্ধনে অটুট করে জীবনের গতিপথ
আমাদের চলতে হবে বহুদূর।
ভালোবাসা- শ্রদ্ধা- ত্যাগের মহিমায়
টুকরো টুকরো স্মৃতির লুক্কায়িত বোধের
অন্তরালে অঙ্কুরিত হোক যাবতীয় লেনদেন।

বন্ধন কোন তুচ্ছ- শিথিল বস্তু নয়.. ..
ইচ্ছে করলেই তাকে ছুঁড়ে ফেলবে ভাঁগাড়ে।

হ্যালো, রবীন্দ্র্রনাথ!

সালাহ উদ্দিন মাহমুদ:
মাঝরাতে ঘুম ভেঙে গেলো। গলাটা শুকিয়ে যাচ্ছিল। অন্ধকার হাতরে খাটের কোণায় পানির বোতলের অস্তিত্ব টের পেলাম। ঢক-ঢক করে গলা ভিজিয়ে নিলাম। চোখ বন্ধ করলাম আবার।
তবু স্বপ্নটা আমার পিছু ছাড়ছে না। ফোন করলাম রবীন্দ্রনাথকে।
- হ্যালো, রবীন্দ্রনাথ!
- হ্যা বৎস! বলো।
- তুমি গুরু মরিয়া প্রমাণ করিলে তুমি মর নাই। কাদম্বিনী রোজ সকালে আমার ঘুম ভেঙে দেয়।
- ও তাই। আর...
- গোরা প্রতিনিয়ত ভর্ৎসনা করে। আমাদের নোংরা রাজনীতির জন্য তার সেকি খিস্তিখেউর।
- তুমি কি বলো?
- আমি আর কী বলবো। আহাম্মকের মতো সব শুনি। মুখ বুজে থাকি। কোন উত্তর নেই।
- তুমি আসলে কী করো?
- বছরখানেক হলো, একটা ডিগ্রী কলেজে বাংলা পড়াই।
- ভালোতো।
- কিসের ভালো? সমস্যাতো ওখানেই।
- কী সমস্যা?
- ‘হৈমন্তির এত কষ্ট কেন?’ ‘অপু কেন বাবার আচরণের প্রতিবাদ করে না?’ নানাবিধ প্রশ্ন শিক্ষার্থীদের।
- তুমি কী বলো?
- তৎকালীন সমাজ ব্যবস্থার দোষ দেই। তা শুনে ছাত্রীরা প্রতিবাদী হয়ে ওঠে। বলে, আমরা তখন থাকলে দেখিয়ে দিতাম।
- তুমি কী বিবাহিত?
- নারে বাবা। তোমাদের মত অল্প বয়সে বিয়ে করার সাধ থাকলেও সাধ্য নেই। এন্ট্রান্স পড়লেই বাবা বিয়ে দেবেন। এমন ভাগ্য আমাদের নেই। সতের বছরের হৈমন্তি বয়সে দাদি-নানিকে হার মানালেও বাংরাদেশ সরকার আঠারো বছরের আগে মেয়েদের বিবাহ নিষিদ্ধ করেছে।
- সে যাই হোক। যখন যে নিয়ম। আমাদের সময় আট বছরে বিয়ের নামে ‘গৌড়ি দান’ করা হতো। বিয়ে না করতে পারো। প্রেমতো নিশ্চয়ই করো। ওটাতে তো আর বয়সের বালাই নেই।
- হা- হা- হা। তা বলতে পারো। ডজন খানেক তো হবে। জলের মতো আসে আর যায়। তবে এ ক্ষেত্রে তোমার গানগুলি বেশ সহায়ক।
- যেমন?
- কাউকে দেখলেই গেয়ে উঠি-‘আমারও পরাণও যাহা চায়’ কিংবা ‘ভালোবাসি- ভালোবাসি...’
- তাতে কাজ হয়?
- হবে না মানে। রবীন্দ্রনাথকে কে না জানে। তার গান কে না শোনে। তবে মাইন্ড করলে বলি, তোমাকে কিছু বলিনি। রবীন্দ্র সংগীত গাইছি।
- হা- হা- হা। ভালো তো। দারুণ বুদ্ধি তোমার।
- তোমার চেয়ে কমই।
- অনেক দিন পরে হাসলাম। তুমি আমাকে হাসালে।
- কেন?
- ফটিকের জন্য মন খারাপ হয়। আমার ফটিকরা কেমন আছে?
- আগের মতোই দুষ্টু। খালি ছুটির জন্য অস্থির হয়ে ওঠে।
- তা না হয় মানলাম। তুমি লেখালেখি কর নাকি?
- চেষ্টা করি। হয় কি না জানি না। তবে প্রেমিকার উদ্দেশ্যে দু-চার লাইন। হাতে হাতে দিতে পারি না। ফলে পত্রিকায় পাঠাই। সম্পাদক মহাশয় সদয় হলে প্রকাশ হয়। পত্রিকার কপিটা নিয়ে ভালোবাসার মানুষটির হাতে দেই। হাতে পেয়ে বলে, ‘বাহ! চমৎকার কবিতা তো।’ কিন্তু মাঝে মাঝে কষ্ট হয়। যার জন্য লিখলাম- সে বোঝল না। আর প্রেমে পড়লো কি না অন্যজন। বল, এটা মহামুশকিল না?
- চালিয়ে যাও। একদিন বুঝিবে বাছাধন। আমার ‘শেষের কবিতা’ পড় নাই?
- আরে মহাশয়! সেতো কয়েকবার পড়েছি। কিন্তু আমার বাবারও সাধ্য নাই বোঝার। না বুঝলেও শেষের কবিতাটা কয়েকবার আবৃত্তি করেছি। শ্রোতারা বড্ড হাততালি দেয়।
- তাই নাকি? তুমি আবৃত্তি করো? আমি না ভালো আবৃত্তি করতে পারতাম না। মিনমিনে কন্ঠ ছিল তো।
- হ্যা, তা ঠিক বলেছো। তোমার কন্ঠে ‘সোনার তরী’ শুনে আমি অনেক হেসেছি। কেমন কাতর-কাতর কন্ঠ। মেয়েলি-মেয়েলি ভাব।
- তুমি আমাকে অপমান করছো?
- দুঃখিত, সে স্পর্ধা আমার নেই। ক্ষমা করবেন জাহাপনা! তবে আপনার ‘হঠাৎ দেখা’, ‘বাঁশি’, ‘দেবতার গ্রাস’, ‘দুই বিঘা জমি’, ‘সোনার তরী’, ‘অপমানিত’, ও ‘রক্ত করবী’র অংশবিশেষ বহুবার আবৃত্তি করেছি। পুরস্কারও পেয়েছি।
- বাহ- বাহ! তোমরাইতো আমাকে বাঁচিয়ে রাখলে। তা নাহলে কবেই পঁচে যেতাম। মিশে যেতাম মাটির সঙ্গে।
- কী বলেন? আপনি আছেন বলেইতো আমরা আছি। আজো বাংলা সাহিত্য আছে। বিশ্ব সাহিত্যের দরবারে বাংলা সাহিত্য স্থান করে নিয়েছে। ‘নোবেল’ পাওয়ার গৌরব অর্জন করেছি আমরা।
- ও কথা আর বলো না। পেলাম একটা নোবেল। তা নিয়ে কত সমালোচনা। শেষমেষ আবার নোবেলটা চুরিও হয়ে গেল।
- দুঃখিত! অনাকাক্সিক্ষত এ ভুলের জন্য।
- না থাক, ঠিক অছে। তবে আমার একটা অনুরোধ। সাহিত্যটাকে কলুষিত হতে দিও না। বিখ্যাত হওয়ার বাসনা নিয়ে লিখতে বসো না। বরং লিখে বিখ্যাত হও। সহজ-সরল পাঠককে ঠকিও না। তোমারা লিখে যাও। তাতেই আমি বেঁচে থাকবো। বাংলা সাহিত্য বেঁচে থাকবে। মানুষ বেঁচে থাকবে। সর্বোপরি মানুষের জন্য কিছু করো।
‘আজি ঝরোঝরো মুখোড়ও বাদল দিনে’ গানের সুরে হঠাৎ মোবাইলের রিংটোন বেজে উঠলো।
ঘুম ভেঙে গেল। সাথে স্বপ্নটাও। মোবাইল স্ক্রীনে ‘অনিন্দিতা কলিং’ দেখে রাগটা সামলে নিয়ে ফোন রিসিভ করলাম। ---
- হ্যালো, রবীন্দ্রনাথ!
অনিন্দিতা বললো- পাগল নাকি? রবীন্দ্রনাথ এলো কোত্থেকে?
- ও তাইতো, তুমি অনিন্দিতা। আসলে এতক্ষণ রবীন্দ্রনাথের সাথে কথা বলছিলাম তো।
অনিন্দিতা হাসলো।
- তোমার মাথা একেবারে গ্যাছে। আমার মনে হয় কি জানো? বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী। তুমি হয়তো ভাবছিলে কিছু লিখবে। কিন্তু কি লিখবে খুঁজে পাচ্ছিলে না। তাই ভাবতে- ভাবতে ঘুমিয়ে পড়েছো। আর অমনি ঘুমের ঘোরে রবীন্দ্রনাথকে ফোন করেছো। হা- হা- হা।
ফোন কানে ধরে আছি। অনিন্দিতার হাসির লহরী বেজে যাচ্ছে অবিরাম। আসলে রবীন্দ্রনাথ আমাকে স্বপ্ন দেখায়। রবীন্দ্রনাথ আমাকে বাঁচতে শেখায়।
তুমি কেন চলে গেলে রবীন্দ্রনাথ? আর কিছুদিন থাকতে পারলে না? কিংবা আবার কেন ফিরে আসো না!

সালাহ উদ্দিন মাহমুদ
কালকিনি, মাদারীপুর।
০১৭২৫৪৩০৭৬৩

বুধবার, ২৪ জুলাই, ২০১৩

কালকিনিতে সাহিত্য পত্রিকা ‘রচয়িতা’র মোড়ক উন্মোচন

জান্নাতুল ফেরদাউস মীম:
জেজেডি ফ্রেন্ডস ফোরাম কালকিনির উদ্যোগে গত শুক্রবার সকালে স্থানীয় প্রেসক্লাবে সাহিত্য পত্রিকা ‘রচয়িতা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক আকন মোশাররফ হোসেনের সভাপতিত্বে ‘রচয়িতা’র সহ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদের সঞ্চালনে মোড়ক উন্মোচন করেন সাংবাদিক এইচ এম মিলন। বক্তব্য রাখেন সাংবাদিক বি এম হানিফ, শিক্ষিকা শামীম আরা ডলি, সহ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ ও কবি-কথাসাহিত্যিক আকন মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন রচয়িতার কবি আলী ইদ্রিস, সাংবাদিক রফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, নাফিজ সিদ্দিকী তপু, মেহেদী হাসান শান্ত, আবৃত্তি শিল্পী জান্নাতুল ফেরদাউস মীম, জেবা ফারিহা, নাট্যকর্মী আহসান হাবীব, দবির হোসেন, সাব্বির, উথান, রকিব ও জাবির প্রমুখ। সবশেষে উপস্থিত সকলের মাঝে ‘রচয়িতা’ বিতরণ করা হয়।
জামালপুর জেলার ইসলামপুরের রচয়িতা সাহিত্য পরিষদের উদ্যোগে কবি আরিফুল ইসলাম সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘রচয়িতা’ গত তিন বছর যাবৎ ষান্মাসিক হিসাবে প্রকাশিত হচ্ছে। তথ্য-প্রযুক্তির উৎকর্ষতায় মাদারীপুরের কালকিনি বসে এর সহ-সম্পাদনার দায়িত্ব পালন করছেন সালাহ উদ্দিন মাহমুদ। দুই বাংলার একশ’ কবির কবিতা নিয়ে জুন মাসে তৃতীয় সংখ্যা প্রকাশিত হয়। এপার বাংলা- ওপার বাংলার উল্লেখযোগ্য বইয়ের দোকানে ‘রচয়িতা’ পাওয়া যাচ্ছে।

বুধবার, ৩ জুলাই, ২০১৩

হয়নি আজো বলা


সালাহ উদ্দিন মাহমুদ

বলি বলি করে একটি কথা
হয়নি আজো বলা,
চলি চলি করে একই পথে
হয়নি আজো চলা।

রোজ সকালে ডাকবাক্সে
হাতড়ে ফিরি কি একটা,
প্রাপক হয়ে আমার নামে
নেইতো সেই চিঠিটা।

যখন তোমার সামনে দাঁড়াই
ভাবছি এবার বলি,
তোমার ছাঁয়া সামনে এলেই
বলার আগেই ভুলি।

বলি বলি করে সেই কথাটা
ভুলে যাচ্ছি রোজ,
চলার পথে যে যার মতো
নেয়না কোন খোঁজ।

মাদারীপুরে ই-তথ্যসেবা কেন্দ্রের সেরা উদ্যোক্তা উম্মে কুলসুম

সালাহ উদ্দিন মাহমুদ:
‘জনগণের দোরগোড়ায় সেবা’-স্লোগানকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত একসেস টু ইনফরমেশনের(এ টু আই) আওতাধীন ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়। সম্প্রতি মাদারীপুরের জেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে এ পুরস্কার প্রদান করা হয়। এবছর মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উম্মে কুলসুম সেরা উদ্যোক্তা (মহিলা) হিসাবে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র লাভ করেন।
মাদারীপুর জেলার চারটি উপজেলার অন্তর্গত ৬১টি ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়। তথ্যসেবা প্রদানে বিশেষ অবদান রাখায় উম্মে কুলসুম সেরা ইউ আই এস সি উদ্যোক্তা(মহিলা) হিসাবে এ পুরস্কার লাভ করেন। কুলসুম দিনমজুর বাবা মতিউর রহমান ও গৃহিনী মা কমলা বেগমের তৃতীয় সন্তান। প্রায় একবছর আগে সাহেবরামপুর ইউনিয়ন পরিষদে উদ্যোক্তা হিসাবে কাজ শুরু করেন। তিনি কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বিএ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি এ কাজ করে তিনি সাবলম্বী হওয়ার চেষ্টা করছেন এবং জনগণের মাঝে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তিনি জন্মনিবন্ধন, স্কাইপির মাধ্যমে যোগাযোগ, ই-মেইল ব্যবহার, অনলাইনে ভর্তি ও ইউনিয়ন ওয়েব পোর্টালসহ ইন্টারনেট সংক্রান্ত যাবতীয় কাজ করে থাকেন। তার এ সেবায় উপকৃত হচ্ছে এলাকার জনগণ।
উম্মে কুলসুম জানান, এখানে কাজ করে মাসে ৬-৭ হাজার টাকা আয় হয়। মাসিক খরচ বাদে ৩ হাজার টাকার মতো লাভ হয়। পড়াশুনার পাশাপাশি কাজটি করতে পেরে আমিও লাভবান হচ্ছি। স্বপ্ন আছে ভালো কিছু করার। ইন্টারনেট নিয়ে অনেক বড় কাজও করার ইচ্ছা আছে।
সাহেবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান সেলিম জানান, কুলসুম পরিশ্রমি মেয়ে। আমি ওকে বিভিন্নভাবে সহযোগিতা করছি। ভালো কিছু করতে চাইলে আরো সহযোগিতা করবো।

শুক্রবার, ২১ জুন, ২০১৩

তোমাকে ভালোবাসা

সালাহ উদ্দিন মাহমুদ

তোমাকে ভালোবাসা অনেকটা খাবার টেবিলে
পাশাপাশি বসার প্রথম অনুভূতির মতো,
প্রবল বৃষ্টির মাঝে এক ছাতার তলে
পাশাপাশি হেটে যাওয়ার মতো।

শেষ বিকেলের বিলে আমি নৌকার মাঝি
তুমি তার সওয়ারি হওয়ার অভিজ্ঞতার মতো,
গাঢ় অন্ধকারে হাত ধরে হেটে যাওয়া
দু’জন দু’জনার অবলম্বনের মতো।

তোমাকে ভালোবাসা অনেকটা না বলা কথার
মাঝেও অনেক কিছু বলে ফেলার মতো,
পার্বণে-উৎসবে কাছে পাবার ব্যাকুল আগ্রহ
অথবা না পাবার মন খারাপের মতো।

তোমাকে ভালোবাসা অনেকটা ভালোবাসি
তবু বলতে না পারার কষ্টের মতো,
তবু ভালোবেসে যাওয়া কাছাকাছি এলে
দূরে গেলে মন কাঁদে তোমাকে না পেলে।

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩

কালকিনিতে নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

সালাহ উদ্দিন মাহমুদ:
বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১১৪ তম জন্মবার্ষিকী উদযাপন করে মাদারীপুরের কালকিনি উপজেলা শিল্পকলা একাডেমী। গত ১৮ জুন সন্ধ্যা ৭টায় অফিসার্স ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমীর সভাপতি মোহাম্মদ ফজলে আজিমের সভাপতিত্বে সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জির সঞ্চালনে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ও অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী। নজরুলের সাহিত্য নিয়ে আলোচনা করেন শিল্পকলা একাডেমীর সদস্য ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক দেদারুল আলম মুরাদ। আবৃত্তি করেন শিল্পকলা একাডেমীর সদস্য ও সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক সালাহ উদ্দিন মাহমুদ। সংগীত পরিবেশন করেন ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, শিল্পকলার সংগীত প্রশিক্ষক উমা দাস, মিলন বড়াল, শিশুশিল্পী রাফিয়া  ও সামিউন।

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

একগুচ্ছ প্রেমের ছড়া

ইয়াকুব খান শিশির
১.
তুলতুলে গাল
ঠোট টুকটুকে লাল
পাখিঠোটা নাক তার
চন্দ্র কপাল
ঢেউ তোলা কালো কেশ
ডাগর আঁখি
মন বলে তার পানে
চেয়েই থাকি।

২.
প্রেয়সীর হাসি দেখে
কেউ যদি চমকায়
দু’চার কথা শুনে
বার বার দম খায়
কভু কি সে বুঝবে
প্রেম কি তা ছলনা
তার মত ভীতু যেন
প্রেম কভু করে না।

প্রেম যেন করে যার
ভয়হীন চিত্ত
হৃদয়ের নির্যাস
ভালবাসা বিত্ত
ত্যাগ আছে আছে যার
ধৈর্য ও বীর্য
প্রেম তারে খোঁজে তার
পেতে সাহচার্য।

৩.
ওটাকে চোখ বলা দায়
দৃষ্টি চোখের হানলে বুকের
পাজর ভেঙে যায়।

সাগরের গভীরতা কথার কথা
আছে তলদেশ
ও চোখের নাই কিনারা
মাপতে সারা
জীবন হবে শেষ

আকাশের নীল আর কত
সোভা কত কতই বা বিস্তৃত
কতইবা তার উদারতা
ওই চোখেরই মত

ও চোখে জাদু আছে মায়া আছে
আছে ভালবাসা
ও চোখে স্বপ্ন আছে আরো আছে
দুর্বাধ্য এক ভাষা।

সোমবার, ১০ জুন, ২০১৩

বাবার কাছে খোলা চিঠি

সালাহ উদ্দিন মাহমুদ:
পরম শ্রদ্ধাভাজন পিতা,   
পৃথিবীর সবটুকু অনুভূতি দিয়ে আজ উপলব্ধি করছি তোমায়। তোমার মাঝেই আমার অস্তিত্ব। আর আমার মাঝে সুপ্ত তোমার আগামী দিনের স্বপ্ন। তুমি আমার স্বপ্নদ্রষ্টা। আর আমি তোমার স্বপ্নবিলাসী রাত। এখনো কী রাত জেগে জেগে ঝাপসা চোখে আগামীর স্বপ্ন দেখো? হাজার রঙের ছবি আঁকো মনে মনে। এখনো হয়তো বসে বসে ভাবো, ফেলে আসা অতীত। বার্ধক্যের মাঝে আজ খুঁজে ফেরো শৈশব ও যৌবনের সার্থকতা।
বাবা, আমাদের একান্নবর্তী পরিবারে তুমিই ছিলে প্রধান। তুমি পরিবারের বড় সন্তান। সকলের মিয়া ভাই। তোমাকে নিয়ে হয়তো তোমার বাবারও অনেক স্বপ্ন ছিলো। আজ তুমি পেশাগত জীবনে একজন শিক্ষক। সমাজে আলো ছড়ানোর দায়িত্ব নিয়েছিলে। অথচ তেলের অভাবে তোমার প্রদীপই ছিল নিভূ নিভূ। যৌবনে তুমি তোমার বাবাকে (আমার দাদা) হারিয়েছ। ছয় বোনকে পাত্রস্থ করাসহ তিনভাইকে মানুষ করার গুরুভার ছিলো তোমার ঘাড়ে। তুমি সফল হয়েছো। নদী ভাঙনে সর্বস্ব হারিয়েও তুমি তোমার আস্থায় অবিচল ছিলে। আদর্শ আর নৈতিকতা থেকে বিচ্যুত হওনি কখনো।
বাবা, আমার মনে আছে- কাকারা বিবাহ করার পরপর আমাদের একান্নবর্তী পরিবার ভেঙ্গে যায়। সেদিন তুমি অঝোরে কেঁদেছিলে। আমি তখন থেকে বুঝতে শিখেছি- বিচ্ছেদ মানুষকে কতটা কষ্ট দেয়। আলাদা হবার মত বা নতুন সংসার গড়ার মত তেমন কোন উপাদান তোমার হাতে ছিলো না। তবুও আলাদা সংসারে নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থার মধ্য দিয়ে অনেক কষ্টে আমাদের মানুষ করেছো। আসলে মানুষের মত মানুষ হতে পেরেছি কিনা সে মাপকাঠি তোমার হাতে। ছয় ভাই-এক বোনের বিশাল সংসারের দায়িত্ব তোমার মত ছাপোষা শিক্ষকের ঘাড়ে।
বাবা, ছেলেবেলা থেকেই দেখেছি- মায়ের অনেক আব্দার তুমি রক্ষা করতে পারোনি। তখন অনেক তিক্ত কথাও শুনতে হয়েছে তোমাকে। তিক্ততা রিক্ততা টানাপড়েন আর হতাশার গ্লানি নিয়েই কেটে গেছে তোমাদের সুদীর্ঘ দাম্পত্য জীবন। অনেক কষ্টে টেনে-টুনে আজো হাল ধরে আছো সংসারের। সন্তানের চাওয়াগুলো তুমি হাসিমুখে মেনে নিয়েছ। সাধ্যমত চেষ্টা করেছো সন্তানের মুখে হাসি ফোটাতে। তোমার মধ্যে আমি হতাশা দেখেছি তবে তোমাকে অধৈর্য হতে দেখেনি।
বাবা, তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু কখনো তা প্রকাশ করতে পারিনি। প্রকাশের কোন সুযোগ বা উপলক্ষও পাইনি। বাবা এখন তুমি আমাদের আনন্দে আনন্দিত হও। আমাদের ব্যথায় ব্যথিত হও। আমাদের আনন্দ-বেদনার সমান অংশীদার তুমি। তুমি বলতে,‘তোমাকে দিয়ে কিচ্ছু হবে না।’ আমি জানিনা, কখনো কিছু করতে পারবো কিনা। তবে যেদিন এমএ শ্রেণির ফলাফল পেয়ে তোমাকে ফোন করেছিলাম, সেদিন তুমি মহাখুশি হয়েছিলে। তোমার ছেলে ফার্স্ট ক্লাশ পেয়েছে- তুমি তা মহল্লার সবাইকে গর্বের সাথে জানিয়েছিলে। এ যেন তোমার বিশাল পাওয়া। বাবা তুমি উপজেলা শহর থেকে চার কেজি মিষ্টি কিনে বাড়ি ফিরেছিলে। আনন্দে সেদিন তোমার চোখের কোণে চিকচিক করছিল আনন্দ অশ্রু।
বাবা, বিশ্বাস করো, আমি প্রতিষ্ঠিত হয়ে তোমার সব ক্লান্তি মুছে দিতে চাই। তুমি শুধু সে অবধি বেঁচে থাক। সৃষ্টিকর্তার কাছে তা-ই প্রার্থনা করি। সৃষ্টিকর্তা যেন আমাকে একটু সুযোগ দেন। আমার জীবনে জন্মদাতা তুমি, আভিভাবক তুমি, এমনকি বন্ধুও তুমি। ঘৃণা যত করেছো তার চেয়ে বেশি ভালোবেসেছো আমায়। যখন কিছু না পারার ব্যর্থতার কারণে আমাকে বকতে; তখন বড্ড রাগ হতো তোমার ওপর। কিন্তু আজ বুঝতে পারি, সন্তানের সফলতায় প্রত্যেক বাবাই গর্বিত হয়। তুমিও তার ব্যতিক্রম নও।
বাবা, তুমি দীর্ঘজীবী হও। তোমার সুস্থ্যতা সর্বাঙ্গীন মঙ্গল কামনায়Ñ
ইতি, তোমার আশির্বাদ প্রত্যাশী।
সালাহ উদ্দিন মাহমুদ
কালকিনি, মাদারীপুর।
০৯.০৬.২০১৩